‘কয়েক বছরের মধ্যে দেশের সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানই ডিজিটাল কমার্সের আওতায় আসবে’

১১ নভেম্বর, ২০১৯ ১১:২২  
আগামী কয়েক বছরের মধ্যে দেশের সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানই ডিজিটাল কমার্সের আওতায় আসবে বলে প্রত্যাশা করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ডিজিটাল বিপ্লবের ফলে দেশের শোরুম বা দোকান ভিত্তিক ব্যবসা বাণিজ্য ডিজিটাল বাণিজ্যে রূপান্তরিত হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বিশেষ করে মেয়েদের জন্য ডিজিটাল কমার্স একটি অভাবনীয় শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে। ই-কমার্স বা ডিজিটাল কমার্স সেক্টরের সার্বিক উন্নয়নে প্রণীত ডিজিটাল কমার্স নীতিমালা মাইল ফলক হিসেবে কাজ করবে। মন্ত্রী ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর উদ্যোগে সংগঠনটির ৫ বছর পূর্তি এবং সদস্য সংখ্যা এক হাজারে উন্নীত হওয়া উপলক্ষে ঢাকায় বিজিবি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শমি কায়সারের সভাপতিত্বে শনিবার (১০ নভেম্বর) রাতের এই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বক্তৃতা করেন। অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক এসএস ভদ্র, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, সাবেক এমপি অধ্যাপিকা পান্না কায়সার প্রমূখ উপস্থিত ছিলেন। ই-ক্যাব সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় মোস্তাফা জব্বার বলেন বলেন, দেশের হাজার হাজার তরুণ - তরণী ই-কমার্সে যুক্ত হয়েছে। তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করছে। অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করছে। তিনি বলেন, এই খাতের চ্যালেঞ্জের জায়গাগুলো যা ছিলো তার প্রায় সবগুলোই অতিক্রান্ত হয়েছে। বড় চ্যালেঞ্জটি ছিলো পণ্য গ্রাহক পর্যায়ে নিরাপদে পৈৗঁছানো। ডাক অধিদপ্তরের ৯হাজার ৫শত ডাকঘরে ৪৩ হাজার কর্মীবাহিনী এবং গ্রাম পর্যন্ত বিস্তৃত ডাক অধিদপ্তরের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সেটাও সফলজনকভাবে অতিক্রম করার উদ্যোগ সরকার গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, আমদানিকারকের দেশ থেকে বাংলাদেশ ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানিকারক দেশে উন্নীত হয়েছে। পৃথিবীর ৮০টি দেশে সফটওয়্যারসহ আইওটি ডিভাইস রপ্তানি করছে বাংলাদেশ। দেশে মোট চাহিদার শতকরা ৫০ভাগ মোবাইল উৎপাদন হচ্ছে। নাইজেরিয়া ও নেপালসহ পৃথিবীর বিভিন্ন দেশে ল্যাপটপ রপ্তানি করা হচ্ছে। প্রতিটি উন্নয়ন সূচকে বাংলাদেশের গত এগারো বছরের অভাবনীয় অর্জন সম্ভব হয়েছে।